প্রকাশিত: 6:12 AM, July 4, 2026
শহর প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ায় হতাশ কুলাউড়া পৌর বিএনপি’র নেতাকর্মীরা। দুই বছর পূর্বে কমিটির মেয়াদ শেষ হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে উপজেলা কাউন্সিলের পরপরই পৌর বিএনপি’র কাউন্সিল হওয়ার কথা ছিল। সম্ভাব্য তারিখ নির্ধারিত হলেও শেষমেশ কাউন্সিল হয়নি। বছরখানেক অপেক্ষার পর কুলাউড়া পৌর বিএনপি’র নেতাকর্মীরা দ্রুত কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছেন।
২রা জুলাই রাতে শহরের দক্ষিণ বাজারস্থ দখিন দাওয়া কনভেনশন হলে পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র আহ্বায়ক খন্দকার মুহিবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সদস্য জুবের খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী শিপলু, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কায়সার আরিফ, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হারুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আলী আজন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শামছুল ইসলাম সমছু, সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শামিম আহমেদ, সুমাইয়া আক্তার সুমা, প্রমুখ।
মতবিনিময় সভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় ২ বছর অতিবাহিত হয়ে গেলেও আজও কাউন্সিল না হওয়ায় হতাশা ও ক্ষোভ বাড়ছে নেতাকর্মীদের মধ্যে। কাউন্সিল ছাড়া কোনো অবস্থায় মনোনীত কমিটি হলে তারা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন। কাউন্সিল আয়োজনে তাদের শতভাগ প্রস্তুতি রয়েছে বলেও তারা আশ্বস্ত করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, জেলার এ পর্যন্ত যতটা উপজেলা ও পৌর কমিটি হয়েছে সবগুলো কাউন্সিলের মাধ্যমে হয়েছে। এ বিষয়ে কুলাউড়া পৌর আহ্বায়ক কমিটি লিখিতভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ছবি:- সভায় উপস্থিতি’র একাংশ।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us