ব্রাম্মনবাজারের আলোচিত আনজুম হত্যা মামলায় সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ।

প্রকাশিত: 6:45 PM, August 25, 2026

ব্রাম্মনবাজারের আলোচিত আনজুম হত্যা মামলায় সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ।

 

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলায় দীর্ঘ এক বছর দুই মাস পর নতুন করে মোড় নিয়েছে। কুলাউড়া থানা পুলিশের পাঠানো মামলার সর্বশেষ চার্জশিটে সন্তুষ্ট না হয়ে আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম আদালতে নারাজি আবেদন করলে মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

 

২০২৫ সালের ১২ জুন প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল শ্রীপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী নাফিসা জান্নাত আনজুম। এরপর আর বাড়ি ফেরেনি সে। ১৪ জুন বাড়ির পাশের একটি নালা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার পর থেকেই নাফিসার পরিবার, সহপাঠী, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে নামেন। ঘটনার পরদিন সন্দেহভাজন হিসেবে একমাত্র আসামি জুনেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 

নাফিসা হত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে মামলাটির আইনগত কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন কুলাউড়ার তরুণ আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম। শুরু থেকেই তিনি মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রমের বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

মামলার তদন্তে একাধিকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে মামলার চার্জশিট আদালতে দাখিল করে কুলাউড়া থানার পুলিশ। কিন্তু সেখানেই আসে নতুন মোড়।

 

চার্জশিটে নাফিসা জান্নাত আনজুমের মৃত্যুর কারণ যথাযথভাবে উল্লেখ করা হয়নি এমন অভিযোগ তুলে আদালতে চার্জশিটের নারাজি জানান মামলার আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম।

 

তিনি আদালতের কাছে মামলাটির অধিকতর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট (মঙ্গলবার) আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য নতুন করে সিআইডিকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন।

 

স্থানীয় এলাকাবাসীর দাবি সিআইডির পুনঃতদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও প্রমাণনির্ভর হয় এবং একমাত্র আসামি খুনী জুনেলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। যা এখন সময়ের দাবী।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ