কর্মধায় জনতার হাতে ভুয়া চিকিৎসক আটকের পর পলায়ন।

প্রকাশিত: 3:49 PM, May 5, 2023

কর্মধায় জনতার হাতে ভুয়া চিকিৎসক আটকের পর পলায়ন।

নিজস্ব প্রতিনিধি:- হাবিবুর রহমান নামে এক চিকিৎসককে জনতা আটক করলেও স্থানীয় কিছু লোকের সহযোগিতায় পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) কুলাউড়া  উপজেলার কর্মধা ইউনিয়নের কাঁঠালতলি বাজারস্থ তার অস্থায়ী চেম্বারে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন এক রোগী চিকিৎসা করাতে গিয়ে তার সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক স্বীকার করেন। এসময় স্থানীয় কিছু লোকের সহযোগিতায় তিনি পালিয়ে যান বলে জানা গেছে। আটক চিকিৎসক হাবিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

খোঁজ নিয়ে জানা যায়, মাত্র ১০ মিনিটে নাকের পলিপাসের চিকিৎসা দেওয়ার নামে দীর্ঘদিন ধরে সপ্তাহের প্রতি শুক্রবার কাঁঠালতলি বাজারস্থ তার অস্থায়ী চেম্বারে চিকিৎসা দিয়ে আসছেন। শুক্রবার সকালে কর্মধার দিঘলকান্দি গ্রামের কামরুজ্জামান মামুন তার এক আত্মীয়কে চিকিৎসা করাতে গিয়ে সন্দেহ হলে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে তার আসল পরিচয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। আটকের প্রথমাবস্থায় মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি লাইভ করলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানান, কাঁঠালতলি বাজারের স্থানীয় ব্যবসায়ী সোহাগ মিয়া এ চিকিৎসককে অপচিকিৎসার সুযোগ করে দিয়েছেন। ঘটনার সময় তার সহযোগীরা কামরুজ্জামান মামুনের উপর চড়াও হয়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় চিকিৎসক হাবিবুর রহমান কৌশলে পালিয়ে যান।

এ ব্যাপারে হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের চিকিৎসা দিয়ে আসছেন। রোগীদের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ২ হাজার টাকা ফি নেন। কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দরছ মিয়া বলেন, এর আগেও ভুয়া এ চিকিৎসক অপচিকিৎসা দিয়ে আসছিল। শুক্রবার সকালে রোগীর সাথে ঝামেলা হওয়ায় তিনি পালিয়ে গেছেন।

ছবিঃ- ভুয়া চিকিৎসক হাবিবুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ