বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সহপাঠীরা,আবার ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সেলিম

প্রকাশিত: 3:54 AM, November 24, 2026

বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সহপাঠীরা,আবার ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সেলিম

 

স্টাফ রিপোর্ট:- কুলাউড়ার স্থানীয় একটি মার্কেটের সামনে ঝালমুড়ি বিক্রি করছিলেন মো.সেলিম মিয়া। তাঁর ঝালমুড়ি বিক্রির পুরোনো গাড়িটি ভেঙে যাওয়ায় এক জায়গায় দাঁড় করিয়েই কোনোভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানে ঝালমুড়ি খেতে গিয়ে সেলিমের সঙ্গে দেখা হয় স্কুলজীবনের সহপাঠী নুরুল ইসলাম খান বাবলার। কথার একপর্যায়ে বাবলা জানতে পারেন, সেলিম তাঁরই স্কুলজীবনের বন্ধু।

 

কুলাউড়া ভূমি অফিসের কাছে বসবাসকারী সেলিমের সংসারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও ছোট ছেলে। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ঝালমুড়ি বিক্রি। ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই গাড়িটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন তিনি। বন্ধুর এমন অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন বাবলা। নিজে উদ্যোগ নিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের সহযোগিতায় সেলিমের জন্য তৈরি করে দেন ঝালমুড়ি বিক্রির একটি নতুন গাড়ি।

 

২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় বন্ধুদের উপস্থিতিতে নবনির্মিত গাড়িটি সেলিমের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, সঞ্জয় দেবনাথ সহ অন্য বন্ধুরা।

 

নতুন গাড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত সেলিম মিয়া বলেন, ‘আমার ব্যবসার বয়স এক বছরও হয়নি। এর মধ্যেই গাড়িটি ভেঙে যায়। নতুন এই গাড়ি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। বন্ধুদের এই আন্তরিকতা ও ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি।’

 

উদ্যোক্তা নুরুল ইসলাম খান বাবলা দেশে ও প্রবাসে অবস্থানরত যেসব বন্ধু সেলিমের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বন্ধুর বিপদের সময়ে সবাই মিলে পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত।

 

জানা গেছে, নতুন ঝালমুড়ির গাড়িটি তৈরি করতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। বন্ধুদের এই সম্মিলিত উদ্যোগ শুধু সেলিমের জীবিকার নতুন অবলম্বনই তৈরি করেনি, বরং বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ