শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত।

প্রকাশিত: 2:35 PM, October 4, 2023

শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত।

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার নাম ফেরদাউস (১৪)। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অত্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান।

ফেরদাউস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে এবং এলাকায় মাদক কারবারী হিসেবে পরিচিত।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যায় ফেরদাউস দলবল নিয়ে লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা টের পেয়ে গুলি চালালে ফেরদাউস আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে সে মারা যায়।

ফেরদাউসের বড় ভাই ওয়াস কুরুনির দাবি, তার ছোটভাই ওইদিন সন্ধ্যায় নিজেদের গৃহপালিত গরু আনতে সেখানে যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ ব্যাপারে জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, মাদক কারবারি ফেরদাউসের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছবিঃ- ইন্টারনেট।

 

এ সংক্রান্ত আরও সংবাদ