প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ সহ বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী উপজেলা বিএনপির দলীয় প্যাডে সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত (সূত্রঃ কুলা/বিএনপি/২০২৬-বিজ্ঞপ্তি ০০৮) বহিষ্কারের কপি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এর অনুলিপি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও বহিষ্কৃত ৪ নেতার কাছে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আলী ও আশফাকুর রহমান চৌধুরী জয়নাল ও টিলাগাও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মোক্তাদির চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি বহিষ্কৃত বিএনপির নেতাদের সাথে দলীয় কোন সম্পর্ক না রাখতে নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়।
এ বিষয় জানতে চাইলে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল রবিবার সন্ধ্যায় মুঠোফোনে বিএনপির ৪ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ সহ বিএনপির ৪ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
ছবি- কুলাউড়া বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us