আজ পবিত্র শবেবরাত।

প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

আজ পবিত্র শবেবরাত।
booked.net

ধর্ম ডেস্ক:- আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হচ্ছে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাতটি মুসলমানদের কাছে ‘শবেবরাত’ বা ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ মুক্তি ও সৌভাগ্যের রজনি হিসেবে পরিচিত।

 

ফারসি ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফেরাতের দরজা উন্মুক্ত করে দেন। অতীতের পাপমোচন ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও বিশেষ মোনাজাতে মগ্ন থাকেন।

 

শবেবরাত উপলক্ষে অনেক পরিবারে হালুয়া-রুটি ও উপাদেয় খাবার তৈরি করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

 

পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের সূচনা হবে। রাত সাড়ে ৮টায় শবেবরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হবে।

 

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বার্তায় দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র শবেবরাত আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ। সব অন্যায়, অবিচার ও অনাচার পরিহার করে ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার আহ্বান জানান তিনি।

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও শবেবরাত উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পবিত্র রজনী নাজাত ও মাগফিরাতের রাত। সহিংসতা ও বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে সহিষ্ণুতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও শবেবরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করছে।

Ad

Follow for More!