আজ পবিত্র লাইলাতুল কদর ।

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

আজ পবিত্র লাইলাতুল কদর ।
booked.net

ধর্ম ডেস্ক:- আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে।তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত।

 

শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে। ‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি অর্থ হলো লাইলাতুল কদর (সম্মানিত রাত)।

 

পবিত্র শবে কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

 

পবিত্র কোরআনের সূরা আল-কদরে বলা হয়েছে, ‘কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম।’ গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

 

 

Ad

Follow for More!